নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ (রংপুর) জ্বালানি সাশ্রয় ও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির এস. এম. আলমগীর হোসেন, রংপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও স্থানীয় গণমাধ্যম কর্মী।
বক্তারা বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে। কোনো ফিলিং স্টেশন কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষ বা কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ করে চলমান সেচ মৌসুমে কৃষকদের জন্য জ্বালানি তেলের সরবরাহে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো ফিলিং স্টেশন কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল সরবরাহে অনিয়ম বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন নিয়মিত তদারকির মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করবে বলেও জানানো হয়।
