ইকবাল বাহার, পঞ্চগড় পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলার বিচার বিভাগ ও আইনজীবী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মহবুব উল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহাবুব আলী মুয়াত। অনুষ্ঠানে তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসাইন মোহাম্মদ ফজলুল বারী এবং পারিবারিক আদালতের বিচারক নুরুজ্জামান। এছাড়াও জেলার বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এম এ বারী, সিনিয়র আইনজীবী মির্জা আমিরুল, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট হাসান প্রধান, অ্যাডভোকেট খলিলুর রহমানসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আইনজীবী ও বিচার বিভাগের সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। পরে ইফতার গ্রহণের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে জেলার আইনজীবী সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিত অনেকে মত প্রকাশ করেন।
