এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে ।
বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ৪ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ’ রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ৩২৭/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৬ হাজার ৪০০ শত টাকা।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
