মো: খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উম্মাহ কেয়ার ফাউন্ডেশন, বগুড়া। সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে উম্মাহ কেয়ার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ইসলামের মানবিক শিক্ষা ও সুন্নাহর আলোকে মানবতার কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
সভায় আলোচনা করা হয়, আসন্ন ঈদ উপলক্ষে বগুড়া জেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হবে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে যাকাত, ফিতরা, সদকা ও সাধারণ অনুদান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সমাজে এখনও অনেক পরিবার রয়েছে যারা আর্থিক সংকটের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তাই সংগঠনের স্বেচ্ছাসেবীরা যৌথভাবে তালিকা প্রণয়ন করে প্রকৃত দুস্থদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
উল্লেখ্য, উম্মাহ কেয়ার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনটি ইসলামিক নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
