মোঃ খাত্তাব হোসেন স্টাফ রিপোর্টার, বগুড়া:বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল এলাকায় সামাজিক ও মানবিক সংগঠন উম্মাহ কেয়ার ফাউন্ডেশন, বগুড়া-এর নতুন অফিস কক্ষ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর শাবরুল আস্তানা শরীফ এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অফিস কক্ষটির উদ্বোধন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “সুন্নাহর আলোকে, মানবতার কল্যাণে”—এই স্লোগানকে সামনে রেখে ২০২৬ সালে প্রতিষ্ঠিত উম্মাহ কেয়ার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন। এর লক্ষ্য কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শাবরুল আস্তানা শরীফ জামে মসজিদের খতিব মাওলানা বেলাল হোসেন আরিফ। তিনি বলেন, তরুণ সমাজ যদি কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করে এবং মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে ন্যায়, নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, নতুন এই অফিস কক্ষ থেকে নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে সপ্তাহে একদিন কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক জীবনপথ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবী কাজে উদ্বুদ্ধ করা, তাদেরকে নৈতিক ও মানবিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, চিকিৎসা সহযোগিতা, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম এই অফিস থেকেই পরিচালিত হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি সংগঠন গড়ে তোলা নয়, বরং কুরআন ও সুন্নাহর আলোকে এমন একটি মানবিক সমাজ গড়ে তোলা যেখানে মানুষ মানুষকে সহযোগিতা করবে এবং অসহায়দের পাশে দাঁড়াবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, তরুণ স্বেচ্ছাসেবী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
