বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:ঈদ উপলক্ষে সরকারের দেওয়া বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল পচা ও খাওয়ার অনুপযোগী বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার হতদরিদ্র উপকারভোগীরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বোদা উপজেলার চন্দনবাড়ি ও মাড়েয়া বামনহাট ইউনিয়নে গিয়ে দেখা যায়, জনপ্রতিনিধিরা উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করছেন। তবে বিতরণ করা চালের মধ্যে অনেকগুলোই পচা অবস্থায় রয়েছে। কিছু চাল লাল, কালো ও ধূসর বর্ণ ধারণ করেছে।
চন্দনবাড়ি ইউনিয়নের উপকারভোগী হাসিবুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আমাদের ঈদের জন্য চাল দিছে, কিন্তু এই চাল তো খাওয়ার মতো না। এত পচা চাল মানুষ খাইবো কিভাবে?
একই ইউনিয়নের আরেক উপকারভোগী আব্দুস সালাম বলেন, আমরা গরিব মানুষ, তাই যা দেয় তাই নিতে হয়। কিন্তু এই চাল রান্না করলে দুর্গন্ধ হয়। খাওয়ার মতো না।
চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইমুর আলী বলেন, সরকারি খাদ্যগুদাম থেকে যে চাল দেওয়া হয়েছে আমরা সেটাই বিতরণ করছি। চাল খারাপ হওয়ার বিষয়টি আমি ফুড অফিসারকে জানিয়েছি এবং ওসি এলএসডিকেও বলেছি। তারা জানিয়েছেন, গুদাম থেকে যে অবস্থায় চাল পেয়েছেন সেভাবেই দিয়েছেন।
এ বিষয়ে বোদা উপজেলার সাকোয়া খাদ্যগুদামের উপ-খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গুদামে কোনো পচা চাল নেই। গুদাম থেকে পচা চাল সরবরাহ করা হয়নি।
তবে উপকারভোগীরা পচা চাল পেলেন কোথায়-এ প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি তিনি।
এ ব্যাপারে বোদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, সরকার যে চাল দিয়েছে আমরা সেই চালই বিতরণ করছি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।
