রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি ও বসতবাড়ি জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোশারফ হোসেন (মিলন)। তিনি অভিযোগ করেন, তার জেঠা আমেরিকা প্রবাসী অজি উল্যাহ মিয়া ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক তাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছেন।
শনিবার সকাল ১১টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশরাফ বেপারী বাড়ির আঙ্গিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মোশারফ হোসেন মিলন জানান, তার পিতা আবু তাহের একজন বয়োবৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি। কয়েক বছর আগে স্ট্রোক করার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন এবং বর্তমানে শারীরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন।
তিনি অভিযোগ করেন, তার জেঠা অজি উল্যাহ (৭০), জেঠি গোলনাহার বেগম (৬০), তাদের ছেলে কাউছার উল্যাহ (৩৪) এবং তাদের সহযোগী ভাড়াটিয়া মেরিনা আক্তার (৪৪)সহ আরও কয়েকজন মিলে তাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী মৌজার সিএস ১১১০ এবং এসএ ১১৫৭ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত প্রায় ৪৬ শতাংশ জমিতে তাদের বসতবাড়ি, ভিটা ও একটি পুকুর রয়েছে। তবে এখন পর্যন্ত ওই সম্পত্তির কোনো ভাগ-বাটোয়ারা হয়নি।
অভিযোগে বলা হয়, আবু তাহের অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করার সুযোগে বিবাদীরা ভাড়াটিয়া লোকজন দিয়ে বাড়ির বাউন্ডারি ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে একটি ঘর নির্মাণ করে। পরে বাড়ির মধ্যখানে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে তাদের বসতঘরের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির উঠান ও পুকুরে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে পরিবারটির স্বাভাবিক বসবাস ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়। বর্তমানে তারা বিকল্প একটি গেইট তৈরি করে কোনোভাবে বসতঘরে যাতায়াত করছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এছাড়া বিবাদীরা কৌশলে তাদের সম্পত্তির গুরুত্বপূর্ণ দলিলপত্র নিজেদের কাছে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকা এক নারী প্রায়ই অশোভন আচরণ, গালিগালাজ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন বলেও দাবি করা হয়।
এ অবস্থায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনকারী।
