ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হঠাৎ করে বৃষ্টি ও দমকা হাওয়ার সঙ্গে শীলা বৃষ্টি হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় ১০ মিনিট ধরে শীলা বৃষ্টি অব্যাহত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে তারাবি নামাজের আগ মুহূর্তে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে যায় এবং শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শীলা বৃষ্টি, যা প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী হয়। এতে বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম এবং হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানস কুমার রায় জানান, রাত ৮টার দিকে হরিপুর উপজেলার দুটি ইউনিয়নে বৃষ্টির সঙ্গে শীলা বৃষ্টি হয়েছে। এর মধ্যে হরিপুর ইউনিয়ন ও বকুয়া ইউনিয়নের কিছু এলাকায় শীলাবৃষ্টি বেশি হয়েছে।
তারা আরও জানান, শীলাবৃষ্টি প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা কাজ শুরু করেছেন। মঙ্গলবার সকালে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যেতে পারে।
