ঢাকাWednesday , 18 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন  নিহত,  আহত ৯

Mahamudul Hasan Babu
March 18, 2026 7:12 am
Link Copied!

বাদশা আলম শেরপুর বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে
যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন।
 এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন— রংপুরের কাউনিয়ার উপজেলার  তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে গৃহপরিচারিকা তা‌য়েবা(১২), তৈয়ব আলীর ছেলে বেসরকারি চাকরিজীবী মমিনুল ইসলাম রিন্টু(৩৮), এবং মেয়ে গৃহিণী শিউলি বেগম(৪০)। নিহতদের মধ্যে মমিনুল ও শিউলি ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার দিকে যাচ্ছিল একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩০৪১)। সকাল সাড়ে সাতটার দিকে সোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তাদের ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং বাকিদের মুমূর্ষু অবস্থায় দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।