ঢাকাThursday , 19 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘পপিসিড’ জব্দ, কাউকে আটক করেনি পুলিশ

Mahamudul Hasan Babu
March 19, 2026 1:39 pm
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাজার থেকে বিপুল পরিমাণ আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ নেশাজাত পণ্য ‘পপিসিড’ জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক না করায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কালাইয়া বন্দর বাজার এলাকায় পপিসিড বোঝাই একটি কার্গো জাহাজ সন্দেহজনকভাবে অবস্থান করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা কার্গোটি আটক করে পুলিশে খবর দেন। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি কার্গো ও একটি কাভার্ড ভ্যান জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাসিন্দা জয়দেব নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারী চক্রের সঙ্গে জড়িত। তার সহযোগী হিসেবে কাজ করছেন কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম দাস ও তার ভাই আশিস দাস। অভিযোগ রয়েছে, তাদের মাধ্যমে ৯৪৫ বস্তা পপিসিড ওই এলাকায় আনা হয় এবং সেখান থেকে দুই দফায় কাভার্ড ভ্যানে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।
এলাকাবাসীর সন্দেহ হলে তারা কার্গোটি আটকে দেয়। পরে পুলিশ এসে অবশিষ্ট পণ্য জব্দ করে হেফাজতে নেয়।
তবে ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত উত্তম দাস রাতে বাউফল থানায় দীর্ঘ সময় অবস্থান করলেও তাকে আটক করা হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জব্দকৃত পপিসিড থেকে আফিম, মরফিন ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য তৈরি করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এটি একটি নিষিদ্ধ মাদকদ্রব্য। এর আমদানি, রপ্তানি, মজুদ, উৎপাদন ও পরিবহন—সবই দণ্ডনীয় অপরাধ।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৫ সালের ৬ নভেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে প্রায় ২৫ টন পপিসিড জব্দ করা হয়েছিল, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। সংশ্লিষ্টরা জানান, অতীতে পশুখাদ্যের আড়ালে এই পণ্য দেশে আনার অভিযোগও রয়েছে। আফগানিস্তানে উৎপাদিত এ পণ্য বিভিন্ন দেশ ঘুরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।