ঠাকুরগাঁও প্রতিনিধি:- আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়৷ যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে৷ সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে বলে মন্তব্য করেছেন সরকারের এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুন:খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারলনা৷ আমরা কাজ করে বেহেশতে যাব৷ ধর্মকে ব্যবহার করা যায়না।দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক৷ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেনা৷ আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাব৷
মহাসচিব বলেন, তারা মা বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবেন না৷ আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবেনা৷ সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে৷ না হলে বেহেশতে যাওয়া যাবেনা৷ সৎ ও ভাল ভাবে খাল খননের কথাও বলেন তিনি।
তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন,যুদ্ধ লেগেছে সেকারনে তেলের সরবরাহ কম৷ কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচিন নয়৷ মবকে আমরা কঠোর হস্তে দমন করব৷ গায়ের জোরে আইনের বাইরে কোন কাজ করতে দেবনা৷
তিনি বলেন, গম ঝড়বৃষ্টিতে পড়ে গেছে। আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই৷ এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের৷ আমরা করে দিয়েছি৷ প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন৷ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।সারাদেশে কয়েক কোটি মহিলাকে কার্ড দেওয়া হবে। এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে৷ আমাদের সব প্রজেক্ট গুলো সম্পন্ন করা হবে৷ গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে৷
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন৷
