বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক সেবনের অপরাধে তিনজনকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানা।
বোদা থানার ওসি সোয়েল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তহিদুল ইসলাম, এসআই খোরশেদ সহ পুলিশের একটি দল শুক্রবার (২৭ মার্চ) বিকালে ময়দানদিঘী বাজারের জানির পরিত্যাক্ত ওয়ালটন শোরুম থেকে অভিযান পরিচালনা করে মাদক সেবনের সরঞ্জাম সহ মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ১০ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ মাসের অতিরিক্ত কারাদন্ডের আদেশ দেন।
আটককৃতরা হলেন উপজেলার ময়দানদিঘী গ্রামের মনতাজ আলীর পুত্র হকিকুল ইসলাম (৩৫), তছির উদ্দীনের পুত্র ফারুক ইসলাম (৩৫), হরিপুর প্রধানপাড়া গ্রামের কাজিম উদ্দীনের পুত্র নয়ন ইসলাম (২৫)।
বোদা থানার ওসি সোয়েল রানা যোগদানের পর থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিভিন্ন ইউনিয়নে ২০ মার্চ হতে ২৭ মার্চ পর্যন্ত ৭দিনের বিশেষ অভিযান পরিচালনা করে ৬টি নিয়মিত মামলা সহ ৫ জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সবোর্চ্চ ১ বছর পর্যন্ত সাজা প্রদান করা হয়েছে।
ওসি সোয়েল রানা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জনস্বার্থে এ ধরণের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা মাদক মুক্ত একটি বোদা উপজেলা গঠনে সবর্দা সচেষ্ঠ থাকবো। পুলিশকে সহযোগীতার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।
