আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে মিন্টু মিয়া ও সুমন বিশ্বাস নামের দুই মাদক ব্যবসায়ীকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম কবির এ রায় প্রদান করেন।
মামলার অপর আসামি লাল্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন। সাজাপ্রাপ্ত মিন্টু মিয়া গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টার পাড়ার রুহুল মিয়ার ছেলে এবং সুমন বিশ্বাস একই এলাকার মোল্লাপাড়ার মজিবর রহমানের ছেলে। খালাসপ্রাপ্ত লাল্টু সহড়াতলা গ্রামের কেরামত আলীর ছেলে। তবে সাজাপ্রাপ্ত দুই আসামিই বর্তমানে পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ জানুয়ারি গাংনী থানার এসআই আব্দুল হকের নেতৃত্বে বালিয়াঘাট গ্রামে ইঞ্জিনচালিত একটি ট্রলিকে থামানোর চেষ্টা করলে ট্রলিতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ মিন্টু ও সুমনকে আটক করে এবং ট্রলির নিচ থেকে ৪২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) (গ)/৩৮/৪১ ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-৮, জি আর কেস নং-৮/২০২০, এসসি-২২৭/২০২১)। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মিন্টু মিয়া ও সুমন বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত এ দণ্ড দেন। তাদের গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান, মীর আলমগীর ইকবাল ও এস এম আমানুল্লাহ আল আমান মামলা পরিচালনা করেন।
