ঠাকুরগাঁও প্রতিনিধি:- জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের সাধারণ ভোক্তারা। দিনের বেলায় তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। অথচ গভীর রাতে একই পাম্পে বোতল ও জারকিনে তেল বিক্রি এবং পাচারের অভিযোগ উঠেছে মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে।
জেলা জুড়ে বিভিন্ন ফিলিং স্টেশনে ভোর থেকেই দীর্ঘ লাইন। মোটরসাইকেল আরোহীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মাত্র ২০০ থেকে ৩০০ টাকার তেল পাচ্ছেন। অনেকেই তেল না পেয়ে ফিরছেন খালি হাতে। এতে জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
তবে দিনের এই চিত্রের বিপরীতে রাতের চিত্র যেন পুরোপুরি ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, গভীর রাতে ফিলিং স্টেশনগুলোতে গোপনে বোতল ও জারকিনে তেল বিক্রি করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে কর্মচারীদের মাধ্যমে তেল পাচারের অভিযোগও উঠেছে।
এমনই একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মেসার্স চেয়ারম্যান ফিলিং স্টেশনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেশনটির মালিক নিজেই বোতল ও জারকিনে তেল ভরে পাশের বাড়িতে পাচার করছেন। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের কাছেও সরাসরি তেল বিক্রি করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, দিনে আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তবুও তেল পাই না। কিন্তু রাতে গোপনে তেল বিক্রি হচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়।এদের আইনের আওতায় এনে শাস্তি হওয়া উচিত৷
এ বিষয়ে জানতে চাইলে মেসার্স চেয়ারম্যান ফিলিং স্টেশনের মালিক বিপ্লব বলেন, কিছু মানুষ গোপনে ভিডিও করেছে। আমরা হাওয়া ছেড়েছিলাম পরে ২০ লিটারের মত ছিল। সেগুলো যারা ছিল তাদের কাছে বিক্রি করেছি৷
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, অনিয়ম করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
