মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্পের ১৫০টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পরিষদের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলী আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা মমতাজ, জেলা পরিষদের প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো আবু তাহের ও উচ্চমান সহকারি জেসমিন বেগমসহ অন্যরা।
আয়োজকরা জানান, মাগুরা জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ কাজ করছে। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা পরিষদ চলতি অর্থ বছরের জেলার ৪ উপজেলার ১৫০ প্রতিষ্ঠানের মাঝে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চেক বিতরণ করবে।
অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজসেবক, সুধীজন ও সাংবাদিকসহ বিভিন্ন শেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
