ঢাকাTuesday , 7 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারী বনজীবি আহত।

Mahamudul Hasan Babu
April 7, 2026 10:43 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া এলাকার মুল্লি খালের ভারানির মুখে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া ধরতে যান আতিয়ার রহমান ও তার সঙ্গীরা। সকাল ১০টার দিকে হঠাৎ একদল বনদস্যু তাদের ওপর চড়াও হয় এবং লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। তার সহযোগীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।

আহত আতিয়ারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকার জেলে ও বনজীবীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমানকে বন অফিসে আনা হয়। বনবিভাগের পক্ষ থেকে তাকে প্রাথমিক সহায়তা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

সুন্দরবনে বনদস্যুদের এমন আকস্মিক তৎপরতায় বনজীবীরা তাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।