বাদশা আলম, বগুড়া প্রতিনিধি-বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমকে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বীজ, সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাট, গ্রীষ্মকালীন তিল এবং উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ৫০ জন চাষিকে তিলের জন্য, ৩,৭০০ জনকে আউশ ধানের জন্য এবং ১৩০ জন পাট চাষীকে প্রয়োজনীয় বীজ ও সার প্রদান করা হয়েছে।
এছাড়া, পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়, যা সংরক্ষণ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি চাষিদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয় ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
