বাদশা আলম, বগুড়া প্রতিনিধ-বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে স্টল সাজিয়েছে। বিজ্ঞানের নানা বিষয়ভিত্তিক স্টল ছাড়াও দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে মেলায় দুটি পিঠার স্টল রাখা হয়েছে। মেলার পাশাপাশি ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা। এছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় একই স্থানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার সমাপ্তি ঘটবে।
