স্টাফ রিপোর্টার: আবু সালমান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে বাজারের নিরাপত্তা জোরদার ও পুলিশি টহল বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটি।
রবিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক দোকানদার ইতোমধ্যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি হাচান মাহামুদ (টিটু), সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাটোয়ারী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন (ডিপটি), ব্যবসায়ী নুর উদ্দিন, তুহিন, শাহিন ইকবাল এবং সদস্য মো. মহি উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বক্তারা জানান, বাজারে বর্তমানে তিনজন নাইট গার্ড দায়িত্ব পালন করছেন। তাদের বেতন বাবদ মাসিক প্রায় ২১ হাজার টাকা ব্যয় হয়। এছাড়া পরিচ্ছন্নতাকর্মী (মালি) বাবদ ১৩ হাজার টাকা, কালেকশন বাবদ ৫ হাজার টাকা, অফিস ব্যয় ৪ হাজার টাকা এবং অন্যান্য খাতে প্রায় ২ হাজার টাকা ব্যয় করা হয়। এসব খরচ নির্বাহে ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক প্রায় ৪০০ টাকা হারে চাঁদা সংগ্রহ করা হয়।
তারা অভিযোগ করেন, এত ব্যয় করার পরও বাজারে চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় চোরেরা বারবার সুযোগ নিচ্ছে।
বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাজারে নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা জরুরি।
সংবাদ সম্মেলনের শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
