ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় মাদকবিরোধী অভিযানে আটকের পর যুবকের মৃত্যু

Mahamudul Hasan Babu
April 12, 2026 4:04 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর আকুব্বর মোল্যা (৩৫) নামের এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের পরিবারের অভিযোগ,
আকুব্বর মোল্যাকে ঘুম থেকে তুলে হাতকড়া পরিয়ে মারধর করা হয় এবং ওই মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দাবি করেছেন, জিজ্ঞাসাবাদের সময় আকুব্বর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান,মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মহম্মদপুরের চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানে তার বাড়ি থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আকুব্বরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক মোছাঃ শাহারা ইয়াসমিন ও সদস্য মিথুন ব্যাপারীসহ কয়েকজন আহত হন।
খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্বজনেরা আকুব্বরকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জোসনা বেগম অভিযোগ করেন, ‘আমার স্বামী ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কয়েকজন এসে তাকে টেনে-হিঁচড়ে তুলে হাতকড়া পরিয়ে মারধর করে। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, হাসপাতালের চিকিৎসক সাদিয়া ছকিনা ঝরা জানান, হাসপাতালে আনার আগেই আকুব্বর মোল্যার মৃত্যু হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ শাহারা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের হামলায় আমাদের কয়েকজন আহত হন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, আকুব্বরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।