আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, সাংবাদিকরা দিন-রাত পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করেন এবং সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি লক্ষ্য করেছেন, ঝিকরগাছা উপজেলার সাংবাদিকদের সঙ্গে পূর্ববর্তী প্রশাসনের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। তিনি সেই ইতিবাচক সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন এবং সকল সাংবাদিককে ধন্যবাদ জানান।
তিনি গত ৮ এপ্রিল ঝিকরগাছা উপজেলায় চতুর্থ নারী ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যশোর সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ঝিকরগাছা উপজেলায় নারী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমী মজুমদার (প্রথম), ভুপালী সরকার (দ্বিতীয়) এবং রনী খাতুন (তৃতীয়)।
