মোঃ সাইফুর রশিদ চৌধুরী। গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টায় গোপালগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বক্তব্যে তিনি গোপালগঞ্জের সাধারণ মানুষকে ভালোবাসার মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় দলের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে সংগঠনকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর জোর দেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের এবং সদস্য অ্যাডভোকেট এম এ আলম সেলিম।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে সাবেক উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, পৌর বিএনপির সভাপতি শেখ হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন লিপটন এবং সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লাসহ জেলা ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পৌর পার্ক থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
