মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান, শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী, ও সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি দক্ষ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জীবনমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন।
বক্তারা আরও বলেন, নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
