রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ ইসলাম ওই গ্রামের জামাত ইসলামের ছেলে। সে এ বছর আইরমারী উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল।
স্থানীয় ও পারভেজের পারিবারিক সূত্রে জানা যায়,দুপুরে পারভেজ এলাকার একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করছিল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত একটি জীবন্ত বৈদ্যুতিক তারের সাথে তার স্পর্শ লেগে যায়। এতে সে গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্মরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। উচ্ছ্বল এক তরুণের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
