রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩০ পিস ভারতীয় ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাগলারহাট এলাকার চরাঞ্চলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার মো. ওমর আলী (৪৩), পিতা মৃত রহিম উদ্দিন এবং মো. মানিক মিয়া (৩৬), পিতা মো. বাবুর আলী।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল পাগলারহাটের চরাঞ্চলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওমর আলী ও মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
