মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) কালীগঞ্জ উপজেলার উত্তর ভাদাত্তী ও উত্তর সোম এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩টি পৃথক মামলা দায়ের করা হয়। এতে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদানসহ ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উত্তর ভাদাত্তী এলাকার মো: আনোয়ার হোসেনের ছেলে মো: সুজন (৩২)-কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, একই এলাকার মৃত কামাল উদ্দিন দেওয়ানের ছেলে নাজমুল হাসান (৬৫)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উত্তর সোম এলাকার মো: ছালাম দেওয়ানের ছেলে মো: রকিব দেওয়ানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আয়ুবুল ইসলাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: জুয়েল মিয়া। ভ্রাম্যমাণ পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সামসুন নাহার সিমু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ও আইনশৃঙ্খলা রক্ষায় কালীগঞ্জে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
