এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি :পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দিনাজপুরের বিরলে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রবিবার বিকেল সাড়ে ৩টায় বিরল উপজেলা বিএনপির উদ্যোগে, এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিরল উপজেলা বিএনপির সভাপতি মো: বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদের সঞ্চালনায়, সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস আলী, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক নুরজামাল সোনাহার।
এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
