আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
রোববার সকালে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছালে বিদ্যালয়ের গার্ল গাইড ও স্কাউট সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কারাতে, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, বাস্কেটবল ও ভারোত্তোলন প্রশিক্ষণ প্রত্যক্ষ করেন। শিক্ষার্থীদের খেলাধুলা ও প্রশিক্ষণের মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সুপারের সম্মানে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এ সময় পুলিশ সুপারের পত্নী টুম্পা সরকার, গাংনী থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও তার পত্নী টুম্পা সরকার বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান-আল নূরানী তাদের স্বাগত জানান।
বিদ্যালয়ের মনোরম পরিবেশ, লেখাপড়ার মান এবং খেলাধুলায় শিক্ষার্থীদের সাফল্য দেখে পুলিশ সুপার দম্পতি ভূয়সী প্রশংসা করেন।
