ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৫ দোকান: নিমিষেই নিঃস্ব ব্যবসায়ীদের কান্না!

Mahamudul Hasan Babu
September 29, 2026 1:51 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হুট করেই চারদিকে ছড়াতে থাকে কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই সেই আগুনে ছাই হয়ে গেল ৫টি ব্যবসা প্রতিষ্ঠান।

জামালপুরের ইসলামপুরে দালালবাড়ি মোড় বাজারে ঘটে যাওয়া এই আকস্মিক অগ্নিকাণ্ডে বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের দাবি,আগুনে পুড়ে অন্তত ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়ে গেছে।

​ঘটনাটি ঘটে সোমবার দিবাগত মধ্যরাতে, উপজেলার পার্থশী ইউনিয়নের পূর্ব গামারিয়া এলাকার দালালবাড়ি মোড় বাজারে।

​বাজারের পাহারাদার আঞ্জু মিয়া জানান, ডিউটিতে থাকার সময় রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ ‘রাজ মেডিকেল’ নামের একটি ওষুধের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে আশেপাশের মানুষকে ডাকতে ডাকতে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

​খবর পাওয়ার পর ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যৌথ প্রচেষ্টায় কিছু মালামাল অক্ষত উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি দোকান।

​সব হারিয়ে বাকরুদ্ধ ‘রাজ মেডিকেল’-এর স্বত্বাধিকারী রাজিব বলেন, দোকানে নগদ টাকা,মোবাইল রিচার্জের প্রায় ৫ লাখ টাকাসহ বিপুল পরিমাণ ওষুধ ছিল। চোখের সামনেই আমার সারাজীবনের উপার্জন ছাই হয়ে গেল!

​মনোহারি ব্যবসায়ী ছালামের কণ্ঠেও একই হাহাকার,দোকানে প্রায় তিন-চার লাখ টাকার মালামাল ছিল, কিচ্ছু বাঁচাতে পারি নাই। রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরা ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, গভীর রাতে চিৎকার-চেঁচামেচি শুনে বের হয়েই দেখেন বাজারে আগুনের তাণ্ডব।

​ইসলামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান,আগুনে পাঁচটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে,তবে ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো নিরূপণ করা হচ্ছে।