আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৮১ হাজার ২৪৫ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে শেওড়াতলা ও রংমহল সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবির টহল দল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশেদ কামাল রনি।
শেওড়াতলা পুকুরপাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৩৮ হাজার টাকা।
অন্যদিকে, রংমহল সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা।
উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
