আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে বদলিজনিত কারণে বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী পুলিশ সুপারের ১০ মাসের কর্মকালীন বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অপরাধ দমনে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে উজ্জ্বল কুমার রায় প্রশাসনিক দক্ষতার পাশাপাশি অধস্তন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের কল্যাণে আন্তরিক ভূমিকা রেখেছেন। পুলিশ সদস্যদের ছুটি, পারিবারিক জরুরি প্রয়োজন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন। তাঁর অমায়িক আচরণ ও দিকনির্দেশনা জেলা পুলিশের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রেখেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট, বিশেষ উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁর পরবর্তী কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিবির ওসি, আরআই, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরও-১, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।
