ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

২০১৬-এর সেই বাবুল আহমদ আবারও ভোটের মাঠে? ইসলামপুর পশ্চিমে বাড়ছে আলোচনা

Mahamudul Hasan Babu
October 3, 2026 1:31 pm
Link Copied!

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাবুল আহমদের নাম।

২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় এসেছিলেন বাবুল আহমদ। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও তার ভোটের লড়াই স্থানীয় রাজনীতিতে তাকে আলাদা পরিচিতি এনে দেয় বলে তার সমর্থকদের দাবি। নির্বাচনে একাধিক অভিজ্ঞ ও আলোচিত প্রার্থীকে পেছনে ফেলে শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি।

পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন বর্জনের কারণে নির্বাচনী মাঠে দেখা যায়নি তাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন হলে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বাবুল আহমদ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবুল আহমদ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বন্যা ও দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্রদের সহযোগিতা, মসজিদ-মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে তার উপস্থিতি রয়েছে।

তার সমর্থকদের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ এবং সহজ-সরল ও মিশুক আচরণই বাবুল আহমদের অন্যতম পরিচিতি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও তারা দাবি করেন।

বাবুল আহমদ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। দলীয় রাজনীতির পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তার নাম আলোচনায় রয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবুল আহমদকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে তার সমর্থক ও অনুসারীদের বিভিন্ন পোস্ট দিতে দেখা যাচ্ছে। এসব পোস্টে তার সামাজিক কর্মকাণ্ড, মানুষের সঙ্গে যোগাযোগ এবং ২০১৬ সালের নির্বাচনী ভূমিকার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব প্রচারণা মূলত তার সমর্থকদের উদ্যোগ—এগুলোকে আনুষ্ঠানিক দলীয় মনোনয়ন বা নির্বাচনী সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।

বাবুল আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার জালিয়ার পার গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল খালিক। তিনি সুনামগঞ্জের ছাতক থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে HSC সম্পন্ন করেছেন।

আসন্ন নির্বাচনকে ঘিরে পশ্চিম ইসলামপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সামনে আসছে ২০১৬ সালের নির্বাচনের পুরোনো হিসাব-নিকাশ। সেই নির্বাচনের অভিজ্ঞতা, রাজনৈতিক পরিচিতি ও সামাজিক কর্মকাণ্ডকে সঙ্গে নিয়ে বাবুল আহমদ এবার নির্বাচনী মাঠে নামবেন কি না—সেটিই এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার একটি বিষয়।

শেষ পর্যন্ত নির্বাচনে কারা প্রার্থী হবেন, দলীয় সমর্থন বা মনোনয়ন কার ভাগ্যে জুটবে এবং ভোটাররা কাকে বেছে নেবেন—তার উত্তর মিলবে নির্বাচনের তফসিল ও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায়।