নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মোমিনপুর বাজারে তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বাজার কমিটির সভাপতি মো. মোজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ার জাহান, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা লিয়াকত আলী।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ওসি মো. মোনোয়ার জাহান বক্তব্য বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে নলডাঙ্গা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, অভিভাবক ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
