মোঃজাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সানোয়ারুল আলম এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ কাজী সাহেরা।
যাচাই-বাছাইকালে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সানোয়ারুল আলম বলেন, “শারদীয় দুর্গাপূজা চলাকালে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরণের বিশৃঙ্খলা রোধে বাহিনীর প্রতিটি সদস্যকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ কাজী সাহেরা জানান, যোগ্য ও প্রশিক্ষিত সদস্যদের মধ্য থেকেই পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। দায়িত্ব পালনকালে শৃঙ্খলা রক্ষা এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভিডিপি সদস্য ও সদস্যাদের শারীরিক যোগ্যতা, প্রশিক্ষণ সনদ ও অন্যান্য তথ্যাদি যাচাই-বাছাই শেষে প্রতিটি পূজামণ্ডপের জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।
