ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এরই মধ্যে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ প্রতীক।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছাতে শুরু করেছেন। বিভিন্ন এলাকায় চলছে গণসংযোগ, পথসভা ও ভোট চাওয়ার কর্মসূচি। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়েও নজর রাখছে নির্বাচন কমিশন।
