রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ নিধনের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার ৬ নম্বর কালিগ্রাম ইউনিয়নের জয়সাড় গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরের মাছ ছটফট করতে দেখে কান্নায় ভেঙে পড়েন মাছচাষি বাবলু প্রামাণিক (বাবু)।
বাবলু প্রামাণিক জানান, প্রায় তিন বছর ধরে দুই বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করছেন তিনি। এবার পুকুরটিতে শিং মাছ চাষ করেছিলেন। শনিবার ভোরে পুকুরে গিয়ে মাছগুলোকে অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখেন তিনি। পরে একজন মৎস্য চিকিৎসককে খবর দিলে তিনি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানান।
এমন পরিস্থিতিতে পুকুরের মাছ হারানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন বাবলু প্রামাণিক। তাঁর দাবি, এ ঘটনায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পুকুরে থাকা জীবিত মাছ যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাণীনগর থানা-পুলিশ। এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
