এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৯৮টি পূজামন্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি অনুদানের চাল এর ডিও বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সক্ষমতা বাড়ানো বাড়াতে হবে। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানো এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।
শরদীয় দুর্গাপুজা উপলক্ষে তিনি বলেন, এবার প্রতিটি মন্ডপে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দ্দেশে সরকারি অনুদান হিসাবে ৬০০ কেজি করে চাল দেয়া হচ্ছে। অতীতে আর এত বেশি বরাদ্দ কোন সরকার দিতে পারেনি। এই সহায়তা দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট মন্ডপগুলোর কাজে সহায়ক হবে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. বাবুল হোসেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিএনপি’র সহসভাপতি মো. রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সিনিয়র সহসভাপতি মো. আসাদুল হক হীরা, জেলা তাঁতীদলের সহসভাপতি লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৯৮টি পূজামন্ডপে সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাল এর ডিও বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল পৌরসভার ভবন নির্মাণের জন্য পৌর এলাকার তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে পৌরসভার ভবন নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
