সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলছত্র মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকসের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ যথাযথ কাগজপত্র ছাড়াই চালু রাখার দায়ে ইটভাটাটির কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলায় এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ ছাড়া নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
