আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : “স্কাউটিং করি, সুশৃঙ্খল জীবন গড়ি” এবং “স্কাউটিং করবো, সুন্দর জীবন গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুল প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী এই ‘বার্ষিক ডে-ক্যাম্প-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টার পর্যন্ত ক্যাম্পের কার্যক্রমে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশু-কিশোর ও তরুণরাই আগামী দিনের সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কান্ডারি। স্কাউটিং কেবল কোনো সাধারণ কার্যক্রম নয়; এটি চরিত্র গঠন, আত্মনির্ভরশীলতা অর্জন ও সেবাব্রতী হওয়ার অনবদ্য মাধ্যম। পড়ালেখার পাশাপাশি স্কাউটিংয়ের মূলনীতি মেনে চলে নিজেদেরকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের যেকোনো প্রয়োজনে ও মানুষের সেবায় স্কাউটদের সর্বদা অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হোসেন, বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার সহ সভাপতি ও ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, খুলনা অঞ্চলের আর.ডি আ: লতিফ, এ.আর.ডি দয়াময় হালদার, উড ব্যাজার মো. ইসমাইল হোসেন, উপজেলা স্কাউটসের কমিশনার ইসমাইল হোসন, সম্পাদক আলী তারেক, প্রশিক্ষক ও স্টেশন মাস্টার এসএম আকিফুজ্জামান, মনিরুজ্জামান, মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, আমির হামজা, আমিনুজ্জামান, আকলিমা খাতুন, দেবাশীস বিশ^াস, নজরুল ইসলাম, লাবন্য আক্তার, শেফালী বালা, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ ক্যাম্পে পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়, সরকারি এম.এল. মডেল হাইস্কুল সহ ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ০৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব সদস্যরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে অংশ নেয়। উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ।
