ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

Mahamudul Hasan Babu
October 14, 2026 1:55 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:  মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ নারী-পুরুষকে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। বুধবার ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা সদর উপজেলার ১৭ নম্বর বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

‘দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মাগুরা সদর অফিস এ উদ্যোগ গ্রহণ করে। চিকিৎসাসেবা দেয় ফরিদপুরের ইসলামী চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ক্যাম্পে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। নিকটদৃষ্টির সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়া হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আর্থিক অসচ্ছলতা, সচেতনতার অভাব এবং চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছানি, দৃষ্টিশক্তি কমে যাওয়া ও চোখের অন্যান্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার ফারহানা বিনতে সেলিম, আবু মুছা আশয়ারী, সাউথইস্ট ডিভিশনের ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মো. জামির আলী, মাগুরার পারনান্দুয়ালী শাখার কর্মকর্তা মো. তানভীর হোসেন, মাগুরা সদর শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও ইয়াং প্রফেশনাল অভিষেক রায়, রিজিওনাল কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম এবং সুনীল মিস্ত্রি। এ সময় ইসলামী চক্ষু হাসপাতাল, ফরিদপুরের চক্ষু বিশেষজ্ঞ ও সহকারী সার্জন ডা. মো. আরাফাত হোসেন এবং আশীষ কুমার সাহা উপস্থিত থেকে চিকিৎসাসেবায় সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে চক্ষুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবেন।