ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার

Mahamudul Hasan Babu
October 14, 2026 3:49 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় চরম অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় ‘আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল’-এর মালিক মো. আহসান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. আমিন (৩৮) তাঁর প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে চিকিৎসার জন্য আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের ওপর আস্থা রেখে পরিবারের পক্ষ থেকে অপারেশনে সম্মতি দেওয়া হয় এবং হাসপাতালের যাবতীয় খরচ পরিশোধ করা হয়।

অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রোগীর পরিবারকে না জানিয়ে নির্ধারিত চিকিৎসক ডা. শারমিন আক্তারের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করান। অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ সময় প্রকৃত ঘটনা গোপন করে হাসপাতাল কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে নবজাতকটি মারা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পোরশা থানা পুলিশের একটি দল সরাইগাছী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি ও আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালের মালিক মো. আহসান হাবিবকে গ্রেফতার করে। তবে পুলিশের দেওয়া তথ্যে তাঁর বয়স ৪০ ও ৩১ বছর—দুই ধরনের উল্লেখ রয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে অপারেশন করানো ও চিকিৎসায় অবহেলার বিষয়গুলো মামলার অভিযোগ ও প্রাথমিক তদন্তসংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে দায় নির্ধারিত হবে।