মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়রামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৭৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার টাকা।
অভিযান শেষে জব্দ করা জাল নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন ও প্রাকৃতিক জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম সহ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তারা সুরুইয়া মমতাজ জানান, জনস্বার্থে এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
