সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে জমিসংক্রান্ত কাজ করে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মচারীর নাম মোঃ ইমন। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মকছেদ আলী সহকারী কমিশনার (ভূমি), আত্রাই, নওগাঁ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মকছেদ আলীর জমিসংক্রান্ত কাজ করে দেওয়ার কথা বলে ওই ভূমি অফিসের কর্মচারী মোঃ ইমন ৪০ হাজার টাকা দাবি করেন। পরে দর-কষাকষির একপর্যায়ে ২০ হাজার টাকায় কাজ করে দেওয়ার কথা হয়। অভিযোগকারীর দাবি, তিনি প্রথমে ৮ হাজার টাকা দেন। পরে ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কর্মচারীর সঙ্গে কথা হলে তাঁকে বাকি টাকা নিয়ে বান্দাইখাড়া অফিসে যেতে বলা হয়। পরে সেখানে গিয়ে আরও ১২ হাজার টাকা দেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, সরকারি ফি-এর চেয়ে প্রায় ১৫ হাজার টাকা বেশি নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজও রয়েছে বলে তিনি দাবি করেছেন। প্রয়োজনে তদন্তের স্বার্থে এসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এদিকে, ওই কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিভিন্ন অভিযোগ থাকায় বৃহস্পতিবার সরেজমিনে অফিসে গিয়ে দেখা যায় ওই ভুক্তভোগীর কাছ থেকে গোপন কক্ষে টাকা গুনে নেওয়ার দৃশ্য।
এ বিষয়ে অভিযুক্ত কর্মচারী মোঃ ইমনের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, “টাকা তো আমি একাই খেতে পারি না, এই টাকার ভাগ তহশিলদারদের দিতে হয়। আমি সামান্য কিছু পাই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের তহশিলদার কামাল হোসেন ফিরোজ এর সঙ্গে কথা বললে তিনি বলেন, “আরেকজনের দায়ভার তো আমি নিতে পারব না। এ বিষয়ে আমি বক্তব্য দিতে পারব না।” এরপর তিনি বিষয়টি এড়িয়ে যান।
অন্যদিকে, আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আতিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনো কর্মচারী অনিয়ম বা এ ধরনের অন্যায় করে থাকলে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
