আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। এ সময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার সবার রয়েছে। বর্তমান সরকার আপনাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব সময় পাশে রয়েছে।”
শনিবার মেহেরপুর পৌর কমিউনিটি হলে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকত আরা আক্তার উর্মি বলেন, “বিগত দিনে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন।” তিনি আরও বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছেন। সরকার সব সময় মানুষের পাশে থেকে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, একটি রাষ্ট্রে সব ধর্মের মানুষের বসবাসের অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।
জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন বলেন, “আমরা কোনো ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে চাই না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” তিনি বলেন, সমাজের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চান। মেহেরপুরের মানুষ কোন ধর্মের, সেটি বিবেচ্য নয়; সবাই মেহেরপুরের বাসিন্দা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা কোন ধর্মের মানুষ, সেটি তাদের কাছে বিবেচ্য নয়। সবার অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়জ উদ্দিন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।
