রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে দুই উপজেলার কয়েক লক্ষ মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দুখ ও দুর্ভোগ লাঘবে যমুনা শাখা নদীর ওপর অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণকাজ।
সোমবার (১৯অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা চরে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর “পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের অধীনে সরিষাবাড়ী উপজেলার আরামনগর জিসি–ঘোড়ামারা বাজার সড়কের ১৫২০ মিটার চেইনেজে যমুনা নদীর শাখা খালের ওপর ৪০ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৮৫২ টাকা ব্যয়ে ২৭৮.৩০ মিটার দীর্ঘ এই বিশাল সেতুটি নির্মিত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জামালপুর ‘চৌধুরী এন্টারপ্রাইজ’।
দীর্ঘদিন ধরে সেতু না থাকায় সরিষাবাড়ী এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। বর্ষাকালে খেয়া নৌকা আর শুষ্ক মৌসুমে নদীর বালুচর হেঁটে পার হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে দুই উপজেলার মধ্যে সুদৃঢ় সামাজিক ও অর্থনৈতিক সংযোগ গড়ে উঠবে এবং শত বছরের দুর্ভোগের চূড়ান্ত অবসান ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষদের যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। ব্রিজটি নির্মিত হলে দুই উপজেলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে।” একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত নির্মাণ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা এবং এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল।
এছাড়াও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সাতপোয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন মেম্বার, যুবদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, কৃষকদলের সভাপতি জুরান সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
