মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মোঃ জোবায়দুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়দুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া খাঁপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ শিরসা খাঁর ছেলে। পরিবারের সূত্রে জানা যায়, জোবায়দুল ইসলাম গত এক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শরৎনগর রেলস্টেশনে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে নিহত কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
