পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের ক্রীড়াঙ্গনে এক সময়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
সম্প্রতি পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ভোরে ফুটবল ও ব্যাডমিন্টন খেলার একাধিক ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। প্রথাগত রাজনৈতিক গাম্ভীর্য দূরে ঠেলে সাধারণ খেলোয়াড়দের সঙ্গে পুরোদস্তুর ক্রীড়াবিদের বেশে প্রতিমন্ত্রীর এমন উপস্থিতি জেলাজুড়ে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকদের মতে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ শুধু প্রশাসনিক দায়িত্বেই সীমাবদ্ধ নন। সরকারি নানান ব্যস্ততার মাঝেও যখনই তিনি নিজ এলাকায় সময় পান, ভোরবেলাতেই হাজির হয়ে যান খেলার মাঠে। সেখানে স্থানীয় তরুণ ও অপেশাদার খেলোয়াড়দের প্র্যাকটিস সেশনে নিজে অংশ নিয়ে তাদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে অনুপ্রাণিত করছেন।
জেলার ক্রীড়াঙ্গনের ঝিমিয়ে পড়া অবস্থা থেকে উত্তরণে প্রতিমন্ত্রীর এমন ব্যক্তিগত ও প্রশাসনিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাবেক কৃতি খেলোয়াড়রা। ৯০ দশকের বোদা ক্রীড়া সংস্থার কয়েকবারের শ্রেষ্ঠ খেলোয়াড় হাসানুজ্জামান লাতু পঞ্চগড়ের সোনালী অতীত স্মরণ করে বলেন, “পঞ্চগড় জেলা একসময় খেলাধূলায় ইতিহাস সৃষ্টি করেছিলো। এই এলাকার অনেক কৃতি খেলোয়াড় ঢাকা লীগ ও সেকেন্ড ডিভিশনে সাফল্যের সাথে খেলেছে। কিন্তু মাঝে অনেক বছর খেলাধুলায় আমরা পিছিয়ে পড়েছি। এই অবস্থা থেকে উত্তরোণে মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী নিজেই ভোরবেলা মাঠে উপস্থিত হয়ে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা পরামর্শ সহ প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করছেন। যা আমাদের নতুন ও প্রাক্তন ক্রীড়াবিদদের জন্য ভীষণ অনুপ্রেরণার।”
ক্রীড়াবিদদের উদ্বুদ্ধ করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি স্থানীয় প্রশাসন এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরও সমানভাবে উদ্যমী হওয়ার তাগিদ দিচ্ছেন জানিয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রতিমন্ত্রীর এই আকস্মিক ও ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং শারীরিকভাবে ফিট রাখার জন্য সকল প্রকার খেলাধুলাকে এগিয়ে নিতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শত ব্যস্ততার মাঝে হঠাৎ ভোর বেলা খেলোয়াড়দের প্র্যাকটিস সেশনে অংশ নিয়ে স্বশরীরে হাজির হওয়া তরুণ খেলোয়াড়দের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করেছে। যা নিঃসন্দেহে মাদক থেকে রক্ষা সহ ভালো মানের খেলোয়াড় তৈরিতে বিশেষ সহায়ক হবে বলে মনে করি।”
স্থানীয় সচেতন মহল ও ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, একজন প্রতিমন্ত্রীর এভাবে মাঠে নেমে সাধারণ মানুষের সাথে খেলাধুলা করা এবং খেলাধুলার অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া জেলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে এক নতুন বিপ্লব বয়ে আনবে।
