আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি: নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গ্রেপ্তার আবু হুরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদ ও মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা বা অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, হোয়াটসঅ্যাপে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা লেনদেন করতেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, আবু হুরায়রা বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। সেখানেও প্রতারণার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
পুলিশের দাবি, তার প্রতারণার বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
