সবুজ হোসেন, নওগাঁ:শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি) নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে নওগাঁ সদর উপজেলার মসুরপুর বাইপাস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করার অপরাধে ০৪টি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহনগুলোর নিকট থেকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ ও ক্ষতিকর হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে চালক ও যাত্রীদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পরিবহনসমূহের গায়ে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এছাড়া নওগাঁ ব্যাটেলিয়ান আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে পরিবেশ দূষণ ও শব্দদূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
