আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে জামাতার দেশীয় অস্ত্রের আঘাতে মনিরা বেগম (৬৫) ও মনজিলা খাতুন (২৮) নামের দুজন গুরুত্ব জখম হয়েছে। আজ রবিবার সকালে এঘটনা ঘটে।
স্থানীয়রা মনজিলা খাতুন ও মনিরা বেগমকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা চৌগাছা গ্রামের মৃত বাবুর আলীর স্ত্রী ও মেয়ে।
আহত নারী মনিরা বেগমের ছেলে আকিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বোন মনজিলা খাতুনের সাথে একই গ্রামের শুকুর আলীর সাথে বিয়ে হয়। তাদের ঘরে একটি সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে শুকুর আলী সুইপার কলোনির একটি মেয়ের সাথে পরকীয়ায় আকৃষ্ট হয়ে পড়ে। এর আগে তাকে অনেকবার নিষেধ করা হয়েছে। সে প্রতিনিয়ত আমার বোনকে মারধার করত।
গতকাল রাতে সুইপার কলোনির ওই মেয়ের কাছে আবারো পরকীয়া করতে গেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমার বোন সেখানে গিয়ে তাদের হাতেনাতে ধরে।
এরপর আমার বোন মনজিলাকে দুজন মিলে অনেক মারধর করেছে। খবর পেয়ে আমার মা মনিরা বেগম মেয়েকে উদ্ধারের জন্য গেলে শুকুর আলী রামদা দিয়ে আমার মায়ের মাথার উপর আঘাত করে, এবং মায়ের হাতের ওপর লোহার অ্যাঙ্গেল দিয়ে মারধর করেছে।
৯৯৯ লাইনে ফোন দিয়ে ঘটনাস্থল থেকে আমার মাকে উদ্ধার করে পুলিশ।
গাংনী থানা পুলিশের একটিদল ঘটনার বিবরণ লিখে নিয়ে গেছে। মায়ের চিকিৎসা শেষে গাংনী থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা রয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
